নরসিংদীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

১৪ মে ২০২৬, ০৭:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ এএম


নরসিংদীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
​নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক সেবন ও সরবরাহের দায়ে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বাগহাটা এলাকার ​মো: মনির হোসেন এর ছেলে মো: সাকিব মিয়া (২০), মো: রশিদ মিয়ার ছেলে মো: শামীম (৩৬), মো: সিদ্দিক এর ছেলে মো: শাওন (২০) ও মৃত সুন্দর আলীর ছেলে আলাউদ্দিন আল আজাদ (৫৯)।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগহাটা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ইয়াবা সেবনরত অবস্থায় একজন এবং গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতদের মধ্যে একজন এলাকায় মাদকের সরবরাহকারী হিসেবে সক্রিয় এবং বাকি তিনজন নিয়মিত মাদক সেবনকারী।
এসময় অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারা মোতাবেক সরবরাহকারীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে অপর তিনজনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।



এই বিভাগের আরও