ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ, আটক-১

০২ মে ২০২৬, ০৫:৫২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম


ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ, আটক-১

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ মে) সকালে সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল-আমিন মিয়া (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনরা জানান, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে নাঈম নামের এক বখাটে যুবক উত্যক্ত করে আসছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সাথে মিমাংসা করেন আল-আমিন। মীমাংসার বিষয়টি তার ছোটভাই হাসান মেনে নিতে না পেরে গতরাতে বড়ভাই আল-আমিনের সাথে মোবাইল ফোনে বাকবিতন্ডায় জড়ায়। আজ শনিবার সকালে পূনরায় নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় এসে বড় ভাই আল আমিনের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে অভিযুক্ত ছোট ভাই হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাঈম নামের যুবককে আটক করা হয়েছে। নাঈমের বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 



এই বিভাগের আরও