যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে তারা মুনাফেক: খায়রুল কবির খোকন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম


যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে তারা মুনাফেক: খায়রুল কবির খোকন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, যারা বলে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন- এসব বলে যারা বিভ্রান্ত করছেন তাদের কোন পুঁজি নাই। এজন্য তারা ধর্মকে ব্যবহার করে। যারা এসব বলে তারা হলো মুনাফেক। এসব ফুনাফেকদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় আমূল পরিবর্তন আনা হবে। সেই সসাথে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও একটি চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার অঙ্গিকার করছি।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। দেখে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। তাহলে কোনদিন আমানতের খেয়ানত হবে না। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। যারা ৪/৫টা আসন পাবে না তারা বিভিন্ন জেলায় মানুষকে বিভ্রান্ত করে ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে কারচুপি করার চিন্তা ভাবনা করছে। কোন কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে কোন লাভ হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। তাই কোন চক্রান্ত ষড়যন্ত্র করে রেজাল্ট ভিন্নখাতে প্রবাহিত করার কোন সুযোগ নাই।

এসময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সদস্য মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



এই বিভাগের আরও