শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম


শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কামারটেক এলাকার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ১২০০টি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে উৎসাহিত করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী এবং উদ্বোধক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. তোজ্জল হোসেন মাস্টারসহ অন্যান্য বিএনপি নেতাকর্মী এবং প্রসাশনিক কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে তারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশিরসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির সভাপতি মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন করে তুলতে হবে। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।



এই বিভাগের আরও