শিবপুরে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


শিবপুরে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পিকআপ ভ্যানের চাপায় দুজন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পরীক্ষার্থীর নাম নাফিস (২২) ও স্বাধীন (১৯)। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তারা দুইজন এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মো. অছিমুদ্দীনের ছেলে নাফিস এবং হাজীপুর এলাকার মো. আসাদুল ব্যাপারির ছেলে স্বাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে মোটরসাইকেলে শিবপুরের শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজে তারা দুজন এইএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিলেন। দুপুর ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাব বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলেন তারা। এ সময় সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়।

উপস্থিত স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটকে রেখে দুইজনকে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে নিহত দুই পরীক্ষার্থীর স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, পিকআপ ভ্যানের চাপায় এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার সময় দুজন পরীক্ষার্থী নিহত হয়েছেন। দুই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এদিকে বেলাব উপজেলায় চলন্ত নসিমনের চাকা খুলে গাছে ধাক্কা লেগে মো. শাওন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের রাধাখালী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ মো. শাওন (২২) ওই নসিমনের চালক ছিলেন। মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে ব্রাক্ষণেরগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে নসিমনটি চালিয়ে বেলাবতে যাচ্ছিল শাওন। রাধাখালী ব্রিজ এলাকা অতিক্রমের সময় চলন্ত অবস্থায় নসিমনের চাকা খুলে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি সড়কের পাশের এক গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান শাওন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।



এই বিভাগের আরও