রায়পুরায় চুরি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে যুবক নিহত

১০ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম


রায়পুরায় চুরি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করার সময় ধরা পড়ে যাওয়া হৃদয় মিয়া (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন কামাল মিয়া (৩৫) নামে সঙ্গে থাকা অপর যুবক।

আজ সোমবার (১০ আগস্ট) ভোরে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হৃদয় মিয়া (৩০) ও আহত কামাল মিয়া (৩৫) নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার দানু মিয়া ও মধু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে দেশের বাড়ি আসেন। তার দেশে আসার খবরে সোমবার রাত ৩টার দিকে স্থানীয় চোরচক্রের ৪ জন তার বাড়িতে চুরি করতে যান। এ সময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল মিয়া ওই প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে পড়েন। চক্রের অপর দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান নেন।

ওই বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এ সময় হৃদয় ও কামালকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। এতে তারা দুজন গুরুতর আহত হন। ভোরের দিকে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। এসময় কামাল মিয়াকে চিকিৎসা দেয়া হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, সকালে ট্রলিতে করে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই হৃদয় মিয়া মারা যান। পরে তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। গতবছর চুরির একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। ওই সময় জেলগেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে ছিলেন তিনি। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, গতরাতে চুরি করার সময় স্থানীয়দের মারধরে দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এক বছর আগে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এই বিভাগের আরও