আদিয়াবাদে অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় বাকবিশিসের নিন্দা ও প্রতিবাদ

২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম


আদিয়াবাদে অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় বাকবিশিসের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:

নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেনের ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মোনাব্বর হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কতিপয় দুষ্কৃতকারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অত্যন্ত অমানবিক ও পেশীশক্তি প্রদর্শন করে অধ্যক্ষকে তার অফিস কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং লাঞ্ছিত করে। একজন শিক্ষকের ওপর এ ধরনের শারীরিক ও মানসিকভাবে হেনস্থামূলক আচরণ চরম শিষ্টাচারবহির্ভূত এবং দেশের শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করার একটি অপপ্রয়াস। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ অত্যন্ত দুঃখজনক যে, একজন অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ে এমন নির্মম পরিস্থিতির শিকার হতে হয়েছে।

এই ঘটনার পেছনে থাকা কুচক্রী মহলের ইন্ধনদাতাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাকবিশিস প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানায় যেন অবিলম্বে ঘটনার তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান শিক্ষক নেতারা।



এই বিভাগের আরও