চরমধুয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম


চরমধুয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৫০) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।  নিহতের স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। সে হিসেবে রফিকুল ইসলাম এলাকায় বিচার সালিসি করতেন।


নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। পরে রফিকুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, তাৎক্ষনিকভাবে হত্যার সঠিক কারণ ও কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা  যায়নি। তবে শুনেছি পূর্বেই একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে সে জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। জড়িত গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই বিভাগের আরও