প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করার আহবান ড. মঈন খানের 

২৬ জুন ২০২৬, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ এএম


প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করার আহবান ড. মঈন খানের 
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আজ শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। 
 
তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা প্রশাসনে কাজ করেন, আপনাদের দলীয় রাজনীতি করার কোন প্রয়োজন নেই। আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন। ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি কর্মকর্তা, তারা মানুষের সেবায় কাজ করবেন। নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, সরকারি কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করবেন। এটা মনে রাখতে হবে, নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। আজকে বাংলাদেশের জনপ্রশাসন যেভাবে কলুষিত হয়েছে, সেই কলুষ থেকে জনপ্রশাসনকেও মুক্ত করতে হবে।
 
আব্দুল মঈন খান আরও বলেন, এটা সত্য যে, জনগণের সমর্থন ব্যতিত কেবল মাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোন সরকার টিকে থাকতে পারে না।
দেশের মানুষ অত্যন্ত সহজ-সরল। তারা কী চায়? তারা কোটি কোটি টাকা চায় না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকারের নেতৃবৃন্দ কীভাবে লক্ষ হাজার কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সেই অর্থ যদি আজকে বিদেশে পাচার করা না হতো, তাহলে তা কিন্তু এই দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো। ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে ব্যাংকগুলোকে এবং এদেশের প্রশাসনকে কলুষিত করা হয়েছে।
 
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সস্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবন্দ।


এই বিভাগের আরও