আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মনোহরদীতে র‌্যালি ও মতবিনিময় সভা

০৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ এএম


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মনোহরদীতে র‌্যালি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) মনোহরদী উপজেলা পরিষদ চত্বর হতে উইমেন অ্যাগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের ব্যানারে নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি বের হয়।

এরপর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘শান্তি ও সম্প্রীতি রক্ষায় নারীর ক্ষমতায়ন শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর নার্গিস সুলতানা।

পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন।

এতে উল্লেখিত বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন ওয়েভ সদস্য জান্নাতুল নাইম শিখা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর মোঃ আরিফুল ইসলাম ভুঞা, সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটো, শেখ জুয়েনা আক্তার টুম্পা, সাথী আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস মূলত নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে রাশিয়ার নারী শ্রমিকরা 'রুটি ও শান্তির' দাবিতে ৮ মার্চ ধর্মঘট শুরু করেন। চার দিন পর তৎকালীন জার শাসনের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার নারীদের ভোটাধিকার প্রদান করে। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই পরবর্তীতে ৮ মার্চ তারিখটি স্থায়ী হয়।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির শত বছর পার হলেও বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চিত্র আশাব্যঞ্জক নয়। নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ, মতামত প্রদান এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশে প্রায় ১৮ লাখ নারী কর্মসংস্থান হারিয়েছেন, যা এই সময়ে চাকরি হারানো মোট ২১ লাখ মানুষের ৮৫ শতাংশেরও বেশি।

এছাড়াও জিডিপিতে নারীর অবদান আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাত মিলিয়ে প্রায় ৪৮%; অথচ জাতীয় বাজেটে নারীর হিস্যা মোট জিডিপির মাত্র ৪.২ শতাংশ। বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী ও কন্যাশিশুর ওপর সংঘটিত অপরাধের মাত্রা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



এই বিভাগের আরও