প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান স্মরণে শোকসভা, প্রত্নজাদুঘরের নির্মাণ কাজ শেষ করার দাবি

০৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম


প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান স্মরণে শোকসভা, প্রত্নজাদুঘরের নির্মাণ কাজ শেষ করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

আড়াই হাজার বছরের প্রাচীন প্রত্নস্থান উয়ারী-বটেশ্বর খ্যাত প্রত্নতত্ত্ববিদ, প্রত্ম গবেষক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লোকসাহিত্যিক সদ্য প্রয়াত হাবিবুল্লা পাঠান স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।

শোকসভায়, স্থানীয় শিক্ষক, লেখক এবং শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন লোকগবেষক সাইমন জাকারিয়া, প্রত্ন গবেষক ড. সুফি মোস্তাফিজুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান সহ স্থানীয় লেখক ও অন্যান্য পেশাজীবীরা।

 

সভায়, উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক প্রয়াত হাবিবুল্লা পাঠানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের পাশাপাশি উদ্ধারকৃত প্রত্ন সম্পদ সংরক্ষণ এবং দ্রুত সময়ে গঙ্গাঋদ্ধি প্রত্ন জাদুঘর নির্মাণের কাজ শেষ করার দাবী জানানো হয়। এছাড়া, তার দীর্ঘ ৮৭ বছরের জীবনের নানা কাজ নিয়ে আলোচনা করেন বক্তারা।

এর আগে, গত ২১ মার্চ নিজ বাড়িতে মারা যান প্রত্ন গবেষক ও লোকসাহিত্যিক মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।

 

গবেষক সাইমন জাকারিয়া তার বক্তব্যে বলেন, হাবিবুল্লা পাঠানের জীবনীগ্রন্থ প্রকাশ করতে চাচ্ছি, সকলের সহায়তা পেলে এটা সম্ভব হবে। প্রত্ন জাদুঘর নির্মাণ কাজ শেষ হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে জাদুঘর নিয়ে আপনারা বলেন, আমিও বলব। সবগুলো প্রত্ন সংগ্রহ জাদুঘরে প্রকাশ করা গেলে আমাদের ইতিহাস বিশ্বে অন্যরকম জায়গা পাবে। আমাদের সাংস্কৃতিক পরিচয় আমাদের ইতিহাসকে সামনে তুলে ধরবে।

 

ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, জ্ঞানটা শুধু গবেষক, অধ্যাপকদের জন্য নয়। জ্ঞানটা সকলের জন্য। হাবিবুল্লা পাঠানের বসার ঘরে দুইটা আলমারিই একটা জাদুঘর। প্রত্ন জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়েছে, প্রায় ৮০ লাখ টাকায় জমি কেনা হয়েছে। জাদুঘর বাস্তবায়ন করবে জেলা পরিষদ। নানা কারণে এটির নির্মাণ কাজ আটকে আছে। পরিবেশ ঘোলাটে, আমি শংকায় আছি। সকলের কাছে অনুরোধ, জেলাবাসীর একটু শ্রম ও সহযোগিতায় যেন জাদুঘর বাস্তবায়ন করা সম্ভব হয়।



এই বিভাগের আরও